পর্তুগালে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল’।
একই সঙ্গে সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দূতাবাসে দূতালয় প্রধান গোলাম সারোয়ারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। এ সময় তারা রামিসা হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।
সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসার প্রতি সংঘটিত নৃশংস ঘটনা সমগ্র জাতিকে মর্মাহত করেছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিক্ষোভে অংশগ্রহণকারী প্রবাসীরা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ‘রামিসার হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খলিলুর রহমান সাগর, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, মিলন বেপারী, টিটু আহমেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঙ্চন, চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সাহিন আহমেদ, মিজান, হৃদয় খান, সোয়াইব আহমেদ ও শহিদুল ইসলামসহ প্রবাসী কমিউনিটির নেতারা।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশ-বিদেশের সব মানবাধিকার সংগঠন ও সচেতন নাগরিকদের শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বিআরইউ
