বিজ্ঞাপন

স্পেনে বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন

স্পেনে বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন

স্পেনের রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। দেশটির বিভিন্ন খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায়ের পর প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠেন ঈদের অনাবিল আনন্দে।

স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত এসব জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে।

রাজধানী মাদ্রিদ, প্রধান পর্যটন নগরী বার্সেলোনা এবং কানারিয়াস দ্বীপপুঞ্জসহ স্পেনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।

মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার ক্যাসিনো পার্কের মাঠে স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিট এবং সকাল ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতগুলোতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

স্পেনে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ‘সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদে’ (মাদ্রিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র)। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে স্পেনে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসী এবং অনেক কূটনৈতিক ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন।

উল্লেখ্য, স্পেনের প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্যে পশু কোরবানি দেওয়ার নিয়ম না থাকায় প্রবাসীদের ঈদের উদযাপনে কিছুটা ভিন্নতা দেখা যায়। স্থানীয় নিয়ম মেনে প্রবাসীরা ঈদের দিন স্থানীয় বৈধ দোকান (হালাল মিট শপ) থেকে মাংস কিনে নেন এবং পরিবারের সবাইকে নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।