মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সেবার মানোন্নয়নে গণমাধ্যমের সঙ্গে দূরত্ব কমিয়ে একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এরই অংশ হিসেবে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কার্যালয় পরিদর্শন করে সমন্বিতভাবে কাজ করার বার্তা দিয়েছেন হাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সোমবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল পিবিএন নামে একটি গণমাধ্যম কার্যালয় পরিদর্শনের সময় এ আগ্রহের কথা জানান।
পরিদর্শনকালে দূতালয় প্রধানের সঙ্গে এস এম সায়েম (তৃতীয় সচিব, পলিটিক্যাল) ছাড়াও উপস্থিত ছিলেন পিবিএন নিউজের সম্পাদক ওয়াহিদ সোহান এবং যমুনা টেলিভিশন ও দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকার মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামান।
সাক্ষাৎকালে প্রণব কুমার ভট্টাচার্য বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় স্বার্থ সংরক্ষণে গঠনমূলক সাংবাদিকতার চর্চা এবং মালয়েশিয়ায় কর্মরত সব বাংলাদেশি সংবাদকর্মীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাইকমিশন ও গণমাধ্যমের এই ইতিবাচক যোগাযোগ প্রবাসীদের সেবা সহজীকরণ এবং নানা সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল ইসলাম খানও প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।
একটি জনবান্ধব হাইকমিশন গড়ে তোলার লক্ষ্যে তার এই কূটনৈতিক তৎপরতা প্রবাসীদের অধিকার রক্ষায় ইতিবাচক অগ্রগতি আনবে বলে মনে করছেন প্রবাসী কমিউনিটির নেতারা।
আরএফ/এনএফ
