সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নানাবিধ সমস্যা, অধিকার এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুবাই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম এবং সদস্য সচিব মজিবুল হক (মঞ্জু)’র নেতৃত্বে দুবাই বিএনপি ও এর অন্তর্গত বিভিন্ন ইউনিট কমিটির শীর্ষ নেতৃবৃন্দের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই মতবিনিময় সভায় অংশ নেন।
উন্মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ এই আলোচনা সভায় দুবাই বিএনপির প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সংকট নিরসনে কনসাল জেনারেল রাশেদুজ্জামানের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং প্রবাসীদের মনোবল চাঙ্গা করতে প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাতে একটি রাষ্ট্রীয় সফর করার জোর আহ্বান জানান নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় দুবাই মহানগর বিএনপি, এর অধীনস্থ সব ইউনিট কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রবাসীদের স্বার্থ রক্ষায় কনস্যুলেট প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি যেকোনো সংকটে প্রবাসীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুবাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
এমএন
