বিজ্ঞাপন

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপের সামুদ্রিক পর্যটন খাতে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি প্রবাসী মোশারফ হোসেন সাগর। দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় এবং পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি আজ একটি সাফারি বোটের কোর্স ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

মুন্সিগঞ্জের কুদ্দুস ব্যাপারীর ছেলে মোশারফ হোসেন সাগর প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান। প্রবাস জীবনের শুরুতে তিনি সাধারণ কর্মী হিসেবে কাজ করলেও নিজের মেধা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ধাপে ধাপে সাফল্যের শিখরে পৌঁছান। বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কোর্স সম্পন্ন করার পর তিনি ২০২৪ সালে স্কুবা ডাইভার হিসেবে যোগদান করেন।

পরে দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ একটি সাফারি বোটের ইয়ুথ কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে নিয়মিত সমুদ্রের গভীরে ডাইভিং কার্যক্রম পরিচালনা করছেন এবং পর্যটকদের নিরাপত্তা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

জানা গেছে, মালদ্বীপের সামুদ্রিক পর্যটন খাতে বর্তমানে এক হাজারেরও বেশি রিক্রিয়েশনাল ডাইভার এবং প্রায় ৪০০ জন টেকনিক্যাল ডাইভার বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে শত শত অভিজ্ঞ ইনস্ট্রাক্টর ও ডাইভিং বিশেষজ্ঞ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এই খাতকে সমৃদ্ধ করতে ৫২টি সাফারি বোট এবং শত শত ছোট-বড় নৌযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে মোশারফ হোসেন সাগর বলেন, পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে দক্ষ ড্রাইভার ও প্রশিক্ষিত ইনস্ট্রাক্টরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি গর্বিত যে, বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এই খাতে কাজ করার সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও দেশের সুনাম অক্ষুণ্ন রেখে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে চাই।

সংশ্লিষ্টদের মতে, মালদ্বীপের পর্যটন শিল্পে বাংলাদেশিদের অংশগ্রহণ ও সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোশারফ হোসেন সাগরের এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

জেআই/জেডএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন