মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের বিদায়ী কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদায়িত হয়েছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
কর্মজীবনে পেশাগত দক্ষতার স্বাক্ষর রাখা এই কর্মকর্তা ২০২০ সালে প্রথম সচিব হিসেবে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যোগদান করেন। পরবর্তীতে তিনি সেখানে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্বও পালন করেন।
হাইকমিশনে থাকাকালীন মালদ্বীপ ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, প্রবাসী কল্যাণ নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গতিশীলতা সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের অধিকার সংরক্ষণ, শ্রমসংক্রান্ত জটিলতা নিরসন, বৈধ অভিবাসন ব্যবস্থাপনা এবং সংকটাপন্ন নাগরিকদের জরুরি সহায়তায় তার নিরলস ও দায়িত্বশীল ভূমিকা প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
প্রবাসীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সোহেল পারভেজ দেশের সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়ন, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন।
/এমএসএ
