বিজ্ঞাপন

ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও ক্ষমতায়নে ‘উইথ দ্য মাইন্ড’

ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও ক্ষমতায়নে ‘উইথ দ্য মাইন্ড’
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে ‘উইথ দ্য মাইন্ড’ অ্যাসোসিয়েশন।

স্বেচ্ছাসেবী এই উদ্যোগটি ২০২৩ সালে কার্যক্রম শুরু করে এবং ২০২৫ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করে।

সংগঠনটি বিনামূল্যে অনলাইনভিত্তিক ফরাসি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ৪৫০ জনের বেশি নারী প্রাথমিক ও মধ্যম স্তরের ভাষা কোর্স, কথোপকথন চর্চা এবং নিয়মিত অনলাইন অনুশীলনে অংশগ্রহণ করছেন। প্রতি সপ্তাহে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয় এবং ভাষা দক্ষতা মূল্যায়নের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিও প্রদান করা হয়।

সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ শিক্ষা সেশনে প্রায় ৩০ জন শিক্ষার্থী ফরাসি ভাষা দক্ষতা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন।

ভাষা শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ, কর্মসংস্থান সহায়তা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে পরামর্শ সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে প্রবাসে বসবাসরত নারীদের সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি ও ব্যক্তিগত সক্ষমতা উন্নয়নে সহায়তা করা হচ্ছে।

অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে জানা গেছে, ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বসবাসরত আরও বেশি নারীর কাছে এই উদ্যোগ পৌঁছে দিতে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণ সম্প্রসারণে তারা কাজ চালিয়ে যাচ্ছে।

নজমুল হক/জেআই/এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।