বিজ্ঞাপন

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

মালদ্বীপের শিক্ষা খাতে তিন দশকেরও অধিক সময় ধরে অসামান্য অবদান, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, শিক্ষা সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী।

শনিবার (২১ জুন) রাজধানী মালের ইমাজউদ্দিন স্কুল অডিটোরিয়ামে মিয়ানজু কলেজের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

মালদ্বীপের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং উচ্চশিক্ষার প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি আন্তর্জাতিক মর্যাদা লাভ করে।

ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ তার বক্তব্যে বলেন, মিয়ানজু কলেজ স্বল্প সময়ের মধ্যেই শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একটি জ্ঞানভিত্তিক, দায়িত্বশীল ও দক্ষ প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানটির অবদান জাতীয় উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। তিনি শিক্ষাকে ব্যক্তি ও সমাজ রূপান্তরের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় আহমেদ মুত্তাকী বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি মালদ্বীপে কর্মরত সমগ্র বাংলাদেশি সম্প্রদায়ের জন্য গর্ব ও মর্যাদার বিষয়। একজন বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন সম্মান অর্জন করতে পেরে আমি গভীরভাবে আনন্দিত ও সম্মানিত।’

সংশ্লিষ্ট মহলের মতে, আহমেদ মুত্তাকীর এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবসম্পদের দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামকে আরও উজ্জ্বল করবে। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।