বিজ্ঞাপন

মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনের মতবিনিময় সভা

মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনের মতবিনিময় সভা

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে রোববার (২১ জুন) এক মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মিশনের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের সমস্যা-সম্ভাবনা, কল্যাণ এবং সেবার মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে হাইকমিশন নিয়মিতভাবে এ ধরনের মতবিনিময় সভা ও গণশুনানির আয়োজন করে থাকে। সভায় বৈধ অভিবাসন, কর্মসংস্থান, শ্রমিক অধিকার, প্রবাসী কল্যাণ এবং কনস্যুলার সেবার গুণগত মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দূতাবাসের কনস্যুলার সহকারী মো. ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মুহাম্মদ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং তৃতীয় সচিব সৈয়দ হামজাদ আলী।

সভায় হাইকমিশনার ড. মুহাম্মদ নাজমুল ইসলাম প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাদের বক্তব্য, অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শুনে দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন— মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ও মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের প্রতিনিধি মো. দিদারুল আলম ভুঁইয়া, প্রবাসী অধিকার পরিষদের প্রতিনিধি মো. দুলাল আল মাইজভান্ডারীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ প্রবাসী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রবাসীদের সমস্যা সমাধান, সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে হাইকমিশনের এ উদ্যোগকে উপস্থিত প্রবাসীরা স্বাগত জানান।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন