বিজ্ঞাপন

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী, পরিবারের কাছে মুক্তিপণ দাবি

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী, পরিবারের কাছে মুক্তিপণ দাবি

ইউরোপের পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র গ্রিক সাইপ্রাসে প্রায় ২ সপ্তাহ ধরে ‘নিখোঁজ’ রয়েছেন সাহরুয়ার আহমেদ ইমন নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। গত ১২ জুন ইমন নিখোঁজ হওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার বাবার কাছে ফোনে যোগাযোগ করে ‘মুক্তিপণ’ দাবি করছে। এ সংক্রান্ত একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে সাইপ্রাসের গণমাধ্যম। নিখোঁজ ইমন নরসিংদীর রায়পুরা বাখর নগর এলাকার নাসির মিয়ার ছেলে। 

ইমনের সন্ধানে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে, কিন্তু দ্বিতীয় সপ্তাহে গড়ালেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইমনের পরিবারের কাছে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে একাধিক বার্তা পাঠিয়েছে। এসব বার্তায় মোট ৩৫ হাজার ইউরো মুক্তিপণ দাবি করা হয়েছে। প্রথমে ১০ হাজার ইউরো এবং পরে আরও ২৫ হাজার ইউরো দাবি করা হয়। তবে এসব বার্তার সত্যতা এবং প্রকৃত উৎস এখনও তদন্ত করছে পুলিশ।

২২ বছর বয়সী ইমন গত ১২ জুন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। পুলিশের তদন্তে জানা গেছে, তার মোবাইল ফোনের সর্বশেষ সিগন্যাল সাইপ্রাসের কোফিনু এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর থেকে তার কোনো অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

সাইপ্রাস পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং অন্যান্য ডিজিটাল আলামত বিশ্লেষণ করছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে বিভিন্ন এলাকায় অনুসন্ধান কার্যক্রমও চলমান রয়েছে।

ইমনের রুমমেট শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন জানান, ওইদিন ইমন আমাদের নতুন চাকরির খবর জানায় এবং কাজে যোগ দেওয়ার জন্য সন্ধ্যা সাড়ে ৬টায় বাসা থেকে বের হয়। রাত ১০টা ৪০ মিনিটে ইমনের বাবা ফোন করে বলেন ইমনের হোয়াটসঅ্যাপ থেকে কিছু মেসেজ আসছে তাতে লেখা, তোমার ছেলেকে বাঁচাতে চাইলে ৩৫ হাজার ইউরো পাঠাতে হবে।

মোয়াজ্জেম হোসেন আরও জানান, এ ঘটনায় আমরা পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করি। কিডন্যাপাররা প্রতিনিয়ত হুমকি দিতে থাকে এবং মুক্তিপণের জন্য মেসেজ করতে থাকে। এরই মধ্যে পুলিশ ইমনের পরিচিত সবাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে এবং আমাদের দেওয়া লোকেশন এবং ডিটেইলস দেখে তার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে, তবে কোনো খোঁজ পাওয়া যায়নি। 

ইমনের পরিবার গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে এবং দ্রুত তাকে নিরাপদে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

আরএফ/এনএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।