বিজ্ঞাপন

ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামে নয়, বেশিরভাগ শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়া ও পুষ্টির অভাবে

দেশে হামে নয়, বেশিরভাগ শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়া ও পুষ্টির অভাবে

সারাদেশে হামে নয়, বেশিরভাগ শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়া ও পুষ্টির অভাবে বলে মন্তব্য করেছেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২২ জুন) ইউনিসেফের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকে যোগ দিতে এসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ডেনমার্ক বিএনপির উদ্যােগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় মন্ত্রী এমন মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে দেশে হামে কখনো মানুষ মারা যেত না, এখন মারা যাচ্ছে ব্যাপকহারে। এসব প্রত্যেকটা মৃত্যুর কারণ নিউমোনিয়া ও শ্বাসকষ্ট। তা ছাড়া, মা ও সন্তানের শরীরে পুষ্টি নাই, শুধু হাড্ডি। অন্যদিকে, গত সরকারগুলো ভিটামিন-এ এর কোনো ক্যাম্পেইন করে যায়নি। যে কারণে শিশুদের ওপর হাম মারাত্মক আকারে আক্রমণ করেছে এবং এত শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।

ডেনমার্ক শাখা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন– ডেনমার্ক শাখা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমেদ, কোপেনহেগেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দা আফেয়ার্স তন্ময় মজুমদার, ডেনমার্ক শাখা বিএনপির সহ সভাপতি বেলায়েত হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফ তালুকদার, কাজী শাহনেওয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক জিয়া হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ বদিউজ্জামান, আইন বিষয়ক সম্পাদক সারোয়ার খান, ওবাইদ হক, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া সারোয়ার প্রমুখ।

দেশে সরকার আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনে বলেন, এদের মধ্যে ৮০ শতাংশই নিয়োগ দেওয়া হবে মহিলা স্বাস্থ্যকর্মী। যারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সেবা পৌঁছানোর কাজ করবে।

মন্ত্রী বলেন, ২০টা নতুন হাসপাতাল স্থাপন ও ৪টা হেলিকপ্টারের ব্যবস্থা করছি যাতে জরুরি চিকিৎসার অভাবে কোনো রোগী মারা না যায়।

বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাত অবহেলিত ছিল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শুধু মেশিন কেনার নামে অর্থ হরিলুট করেছে।

এর আগে কোপেনহেগেনে অবস্থিত ইউনিসেফের সাপ্লাই বিভাগের সাথে ‘ভ্যাকসিন প্রকিউরম্যান ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ বিষয়ে বাংলাদেশ সরকারের উচ্চ প্রতিনিধিদের বৈঠকে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পৌঁছান বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।

গত রোববার (২১ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় তিনি কোপেনহেগেন বিমানবন্দরে পৌঁছালে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের ডেনমার্ক শাখার নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পাবলিক হেলথ শাখা) অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম, প্ল্যানিং ও রিসার্চ বিভাগের অতিরিক্ত ডিজি ফোয়ারা তাসনিম, সহকারী ডিজি হাসানুল মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রীর এপিএস মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মঙ্গলবার (২৩ জুন) ও বুধবার (২৪ জুন) দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এরশাদুল বারী/এসএএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।