বিজ্ঞাপন

মালদ্বীপ প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে হাইকমিশনের উদ্যোগ

মালদ্বীপ প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে হাইকমিশনের উদ্যোগ

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ ও স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে মালদ্বীপের মুদ্রা রুফিয়া সরাসরি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা চালু করা, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিদের বেতন মার্কিন ডলারে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা এবং মালদ্বীপে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের চেষ্টা করা।

এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) ব্যাংক অব মালদ্বীপের (বিএমএল) প্রধান কার্যালয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং বাংলাদেশ-মালদ্বীপের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দীর্ঘদিন ধরে দেশটিতে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানিয়ে আসছেন। একইসঙ্গে তারা ডলারের পরিবর্তে মালদ্বীপের মুদ্রা রুফিয়া সরাসরি দেশে পাঠানোর সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এ ব্যবস্থা চালু হলে অর্থ পাঠানোর খরচ কমবে, সময় সাশ্রয় হবে এবং অবৈধ হুন্ডি কার্যক্রম নিরুৎসাহিত হবে।

বর্তমানে মালদ্বীপে কোনো বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা না থাকায় প্রবাসীদের বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাঠাতে হয়। অধিকাংশ ক্ষেত্রে রুফিয়াকে প্রথমে মার্কিন ডলারে রূপান্তর করে পরে বাংলাদেশে তা পাঠানো হয়। এতে ডলার সংগ্রহের জন্য অনেক প্রবাসীকে অতিরিক্ত খরচ বহন করতে হয় এবং মুদ্রা বিনিময়ের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। ফলে অনেকেই ঝামেলা এড়াতে অনানুষ্ঠানিক ও অবৈধ হুন্ডি ব্যবস্থার দিকে ঝুঁকে পড়েন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়বে। পাশাপাশি প্রবাসীদের অর্থ পাঠানোর ব্যয় ও সময় কমবে, হুন্ডি নির্ভরতা কমবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে। একই সঙ্গে আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা বাড়াতেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।