বিজ্ঞাপন

ভেনিসে জমকালো আয়োজনে আরআইসির এডুকেশন সেন্টার উদ্বোধন

ভেনিসে জমকালো আয়োজনে আরআইসির এডুকেশন সেন্টার উদ্বোধন

ইতালির ভেনিসে বসবাসকারী অভিবাসী বাংলাদেশিদের সুবিধার্থে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘আরআইসি অ্যাকাডেমি’র নতুন এডুকেশন সেন্টার। এ উপলক্ষ্যে নতুন সেন্টার উদ্বোধন এবং অফলাইন ক্লাসবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরআইসি সল্যুশনের পরিচালক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আরআইসি অ্যাকাডেমির পরিচালক ড. ঋতু মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন– আবদুল আজিজ সেলিম, পলাশ রহমান, তানভীরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মারুফা, আরাফ এলেনা প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত দেড় শতাধিক শিক্ষার্থীর উদ্দেশে ড. ঋতু মিয়া বলেন, ‘আরআইসি অ্যাকাডেমি’ দীর্ঘ ৯ বছর ধরে অভিবাসী বাংলাদেশিদের ইতালীয় ভাষা শেখানোর কার্যক্রম পরিচালনা করে আসছে। এত দিন এই কার্যক্রম শুধু অনলাইনে পরিচালিত হলেও, সম্প্রতি ভেনিসে বসবাসকারী অভিবাসীদের সুবিধার্থে অফলাইনে ভাষা শিক্ষা, সার্টিফিকেট প্রদান এবং ড্রাইভিং কোর্স শুরু করা হয়েছে। এই কার্যক্রমগুলো প্রাতিষ্ঠানিকভাবে আরও বেগবান করার লক্ষ্যেই নতুন এই এডুকেশন সেন্টারটি উদ্বোধন করা হলো।

ইন্টিগ্রেশন বা একীভূতকরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ইন্টিগ্রেশন মানে বৈচিত্র্যকে ধারণ করা। কারও নিজস্ব সংস্কৃতি বা ধর্মকে গলা টিপে হত্যা করা নয়। নিজের স্বকীয়তা বিলীন করে অন্য সংস্কৃতিতে অভ্যস্ত হওয়ার নাম ইন্টিগ্রেশন নয়। তাই নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষা করতে হলে ইতালীয় ভাষা জানা অত্যন্ত প্রয়োজন।’

উল্লেখ্য, ড. ঋতু মিয়া ভেনিসের রাজনীতি ও সামাজিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। তিনি স্থানীয় নির্বাচনে ইতালির অন্যতম প্রধান রাজনৈতিক দল পিডি (পার্তিতো ডেমোক্রেটিকো) থেকে সিটি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। তিনি ভেনিস বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন এবং দীর্ঘদিন ধরে অভিবাসীদের ইতালীয় ভাষা শিক্ষাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরআইসি অ্যাকাডেমি থেকে ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

জেআই/বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।