বিজ্ঞাপন

নাট্যকার আবু তাহেরকে লন্ডনে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা

নাট্যকার আবু তাহেরকে লন্ডনে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা

যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজা তৃতীয় চার্লস কর্তৃক ‘এমবিই’ (মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি, নাট্যকার, সংগঠক ও অ্যাকাউন্ট্যান্ট আবু তাহের। তার এই গৌরবময় প্রাপ্তি উদ্‌যাপন করতে লন্ডনে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে পূর্ব লন্ডনের একটি স্কুলের মিলনায়তনে ‘গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে’ এই সংবর্ধনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি মো. দিলওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমদ জোয়ারদার ও ট্রাস্টি সদস্য মারুফ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিলেতের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজ তামদির কাদির। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুসতাক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন লেখক ও গবেষক ফারুক আহমেদ, কবি আতাউর রহমান মিলাদ, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম নজরুল, আব্দুস সামাদ, মারুফ রশিদ, সহসভাপতি হেলাল উদ্দিন, হুমায়ূন কবির চৌধুরী, আব্দুল কাদির ও ফখরুল ইসলাম।

সভায় বক্তারা কবি ও নাট্যকার আবু তাহেরের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘আবু তাহের আপাদমস্তক একজন ভালো মানুষ, যিনি নীরবে-নিভৃতে কমিউনিটির জন্য কাজ করে যান। তার এই রাষ্ট্রীয় সম্মান শুধু গোলাপগঞ্জবাসীর একার নয়; এই গৌরব বৃহত্তর সিলেটের সকল প্রবাসীর এবং বিলেতে বসবাসরত বাংলাদেশিদের। একজন ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে তার এই ঐতিহাসিক প্রাপ্তিতে আমরা অত্যন্ত গর্বিত।’

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সংবর্ধিত ব্যক্তিত্ব আবু তাহের এমবিই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘কী বলব, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা আমাকে আজ যে ভালোবাসা ও সম্মাননা দিলেন, আমি আপনাদের সবার কাছে চিরঋণী হয়ে রইলাম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সম্মানের মর্যাদা ধরে রাখতে পারি।’

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মিছবাহ মাসুমের গ্রন্থনা ও পরিকল্পনায় এবং ছড়াকার দিলু নাসেরের নির্দেশনায় আবু তাহের এমবিই-এর জীবন ও কর্মের ওপর ভিত্তি করে তৈরি ৮ মিনিটের একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এই প্রামাণ্যচিত্রে তার সাহিত্যকর্ম, কমিউনিটি সেবা এবং দেশে-বিদেশে চ্যারিটেবল বা দাতব্য কাজের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

এরপর সংগঠনের পক্ষ থেকে আবু তাহের এমবিই-এর হাতে একটি আকর্ষণীয় সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট তুলে দেন সংগঠনের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন– সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লন্ডন বাংলাদেশ সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, সংগীতশিল্পী মিতা তাহের, যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল, কবি-সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, কবি মোসাহিদ খান, কবি নোমান আহমেদ, কবি ইকবাল হোসেন বুলবুল।

আরও উপস্থিত ছিলেন– সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, কবি ও ছড়াকার দিলু নাসের, কবি মাসুক ইবনে আনিস, কবি ও লেখক অ্যাডভোকেট মুজিবুল হক মনি, চন্দরপুর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক জিয়া উদ্দিন, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া, বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ শামীম আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল আলম বাবুল।

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন এবং বোর্ড অব ডাইরেক্টরস কমিটির সিনিয়র সদস্য আব্দুল আজিজ ফারুক, ইকবাল আহমদ চৌধুরী ও জিল্লুল করিম চৌধুরী প্রমুখ।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।