বিজ্ঞাপন

স্বপ্ন অপূর্ণ রেখে ঢাকায় মারা গেলেন ফ্রান্স প্রবাসী আলতাফ হোসেন

স্বপ্ন অপূর্ণ রেখে ঢাকায় মারা গেলেন ফ্রান্স প্রবাসী আলতাফ হোসেন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার এলাকার বাসিন্দা লুৎফর রহমানের ছেলে ও ফ্রান্স প্রবাসী আলতাফ হোসেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে তার নিজ এলাকা শাহবাজপুরসহ বড়লেখা উপজেলাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছিলেন। সম্প্রতি স্ত্রী ও সন্তানের ফ্রান্সে যাওয়ার ভিসা সম্পন্ন হওয়ায় তাদের নিয়ে নতুন জীবনের স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশে ফিরেছিলেন। পরিকল্পনা ছিল, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে আবার প্যারিসে ফিরে নতুনভাবে সংসার জীবন শুরু করবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর বাস্তবায়িত হলো না। পরিবারের সঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নই ছিল তার সবচেয়ে বড় প্রেরণা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে পাড়ি জমাতে হলো তাকে।

আলতাফ হোসেন ছিলেন একজন পরিশ্রমী প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা। দীর্ঘদিন বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি পরিবারের সুখ-সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করেছেন। তার অকাল মৃত্যু শুধু তার পরিবারের জন্যই নয়, প্রবাসী সমাজ এবং নিজ এলাকার মানুষের জন্যও এক অপূরণীয় ক্ষতি।

তার মৃত্যুতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

এসএএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।