ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ’জুলাই শহীদ দিবস’ পালন করেছে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে দিনটির তাৎপর্য নিয়ে আলোকপাত করেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গ্রিস-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জর্জিওস কোতসোস বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি গ্রিস-বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান দৃঢ়তার কথা তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এথেন্স স্কুল অব ফাইন আর্টসের রেক্টর অধ্যাপক এরাতো খাতজিসাভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আত্মত্যাগ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সার্বজনীন মূল্যবোধ নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং কমিউনিটির সদস্যরা।
অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদদের আদর্শের স্মরণে দূতাবাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আরএফ/বিআরইউ
