বিজ্ঞাপন

যুক্তরাজ্যে জেএসসি সাউথ ইস্ট রিজিওনের সামার ট্রিপ

যুক্তরাজ্যে জেএসসি সাউথ ইস্ট রিজিওনের সামার ট্রিপ

প্রবাসজীবনে কর্মব্যস্ততার ফাঁকে একটু প্রশান্তি পেতে এবং নিজেদের মধ্যকার সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে সাউথ ইস্ট রিজিওনের বার্ষিক ‘সামার ট্রিপ’।

গান, কবিতা, কৌতুক আর আনন্দ-উচ্ছ্বাসে যুক্তরাজ্যের সমুদ্রবেষ্টিত বন্দরনগরী পোর্টসমাউথ উপকূলে আয়োজিত এই ভ্রমণ সাউথ ইস্ট রিজিওনের সদস্য ও তাদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

লন্ডন থেকে বাসযোগে যাত্রার মাধ্যমেই ট্রিপটির আনন্দমুখর সূচনা হয়। পথিমধ্যে বাসে উপস্থিত সদস্যরা গান, কবিতা আবৃত্তি এবং কৌতুক পরিবেশন করে পুরো যাত্রাপথ প্রাণবন্ত করে তোলেন। যাত্রার শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানান সাউথ ইস্ট রিজিওনের সহসভাপতি এম এ গফুর ও সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ। ভ্রমণ দলটি নির্ধারিত গন্তব্যে পৌঁছালে সাউথ ইস্ট রিজিওনের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান পোর্টসমাউথের লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা পর্বে অতিথিরা প্রবাসজীবনে অবসর ও ভ্রমণের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, যুক্তরাজ্যের মতো ব্যস্ত জীবনের কাজের ফাঁকে অবকাশ বা সমুদ্র ভ্রমণ মানুষের মানসিক চাপ কমায় এবং নতুন উদ্যমে কাজ করার শক্তি জোগায়। এটি দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি মন ভালো রাখতে এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে দারুণ সাহায্য করে। বক্তারা আরও বলেন, এ ধরনের ট্রিপের মাধ্যমে ভ্রমণপিপাসু ও সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্যের সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।

জমজমাট এই সামার ট্রিপে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন– জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মো. আবুল মিয়া, সহসভাপতি ফজলুল করীম চৌধুরী, এম এ আউয়াল, জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিওনের ওমেন সেক্রেটারি এমদাদুন খান, ইস্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী ও ট্রেজারার সালেহ আহমদ, এসেক্স শাখার সহসভাপতি সালেহ আহমদ আলফু এবং ট্রেজারার আবুল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার মির্জা আবুল কাশেম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, সৈয়দ আশফাক আহমদ, বেতার বাংলার প্রেজেন্টার মানিকুর রহমান গনি, ময়নুল হক, সাহেল আহমদ, ফারুক মিয়া, আব্দুস সোবহান, আবদুল কাদির, আবাব মিয়া, রফিক আহমদ, আমির হোসেন, ওলিদুর রহমান ও গিয়াস মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।