গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রাবেয়া বেগমকে ভুটানের দূতাবাসে বদলি করা হয়েছে। সেখানে একই পদে আগামী ২৪ জুলাই যোগদান করবেন তিনি।
তার বদলির সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসীরা। মন্তব্যে অনেকেই লিখেছেন, রাবেয়া বেগমের বিদায়ে গ্রিসের বাংলাদেশিরা একজন আন্তরিক ও আপনজনসুলভ কর্মকর্তাকে হারিয়েছে।
মাল্টা ও আলবেনিয়ায় বাংলাদেশের পৃথক দূতাবাস না থাকায় এথেন্সের দূতাবাস থেকেই কনস্যুলার সেবা দেওয়া হয়। রাবেয়া বেগম সেসব দেশেও গিয়ে প্রবাসীদের সেবা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে পাশে দাঁড়িয়েছেন।
গত ১৬ জুলাই রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে রাবেয়া বেগমকে নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দেশের কূটনীতিক ও শিক্ষাবিদসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সহকর্মীরা তার সঙ্গে কাজের স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন। পরে তাকে স্মারক উপহার দেওয়া হয় এবং বক্তারা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফলতা কামনা করেন।
বর্তমানে রাবেয়া বেগম ভুটানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করবেন। তার গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে।
উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে রাবেয়া বেগম এথেন্সের বাংলাদেশ দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে যোগদান করেছিলেন। এরপর পদোন্নতি পেয়ে প্রথম সচিব (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালে এথেন্সের পাশাপাশি গ্রিসের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীদের সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখেন। প্রবাসীদের সমস্যা সমাধান, কনস্যুলার সেবা নিশ্চিতকরণ এবং দূতাবাসকে জনবান্ধব করে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিআরইউ
