বিজ্ঞাপন

মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে দূতাবাসের প্রতিনিধিদল

মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে দূতাবাসের প্রতিনিধিদল

মালয়েশিয়ার কাজাং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. হারুন অর রশিদকে দেখতে বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শন করেছে।

বুধবার (২২ জুলাই) প্রতিনিধিদলটি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।

গত ৭ জুলাই হৃদরোগে আক্রান্ত মো. হারুনকে কাজাং হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার কিডনির জটিল সমস্যাও ধরা পড়ে। বর্তমানে হৃদরোগের চিকিৎসার পাশাপাশি কিডনির সমস্যার কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে হারুনের সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়। এ সময় চিকিৎসক জানান, বর্তমানে তার নিয়মিত ডায়ালাইসিস চলছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

চিকিৎসকদের ভাষ্যমতে, আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বাংলাদেশে পাঠানোর জন্য ‘ফিট টু ফ্লাই’ সনদ দেওয়া সম্ভব হতে পারে। তবে তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পূর্ব তল্লার মৃত আলী আকবরের ছেলে মো. হারুন অর রশিদ ২০১৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান, এরপর নিজের ছোট ভাইকেও সেখানে নিয়ে যান। কয়েক বছর আগে সেই ছোট ভাই কর্মস্থলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বর্তমানে তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এ খবর শুনে দেশে স্বামী-সন্তান হারানো বৃদ্ধ মা শোকে কাতর। স্ত্রী এবং ১৪ বছর বয়সের একমাত্র সন্তানও নির্বাক। অন্যদিকে হাসপাতালের বিল মেটাতে পারছে না পারিবার।

অসুস্থ প্রবাসীর পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়ার বিষয়েও আশ্বস্ত করেন বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল।

হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়াকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্যান্য সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থেকে চিকিৎসা ও কনস্যুলার সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এসএএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।