দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের আরও সহজ ও দ্রুততার সাথে পাসপোর্ট এবং অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার লক্ষ্যে, দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আবারও চালু হলো সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন থেকে কনস্যুলেটে আগত সেবাগ্রহীতারা সেবার ধরণ অনুযায়ী টোকেন সংগ্রহ করে নিজ নিজ কাজ সম্পন্ন করতে পারবেন।
গত ২২ জুলাই ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল বলেন, সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে প্রবাসীরা কনস্যুলেট থেকে পাসপোর্টসহ সব ধরনের কনস্যুলার সেবা আরও দ্রুত, সুশৃঙ্খল ও সহজতর উপায়ে পাবেন বলে আশা করা যাচ্ছে।
কনস্যুলেটে সেবা নিতে আসা প্রবাসীরা বলছেন, আমিরাতের প্রায় সর্বক্ষেত্রই অত্যাধুনিক। তাই কনস্যুলেটের সেবায় এই সংযোজন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এখন সেবা পেতে ভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীরা।
এর আগে ২০১৬ সালে প্রথমবার চালু হয় এই কিউ ম্যানেজমেন্ট সিস্টেম। দুই বছরের মধ্যেই সেই পদ্ধতি বন্ধ হয়ে গেলে আবারও আগের মতোই সনাতন পদ্ধতিতে সেবা পেতেন প্রবাসীরা। ফলে প্রবাসীদের সেবা পেতে ভোগান্তি, বিলম্ব ও হয়রানি বেড়ে যায়। নতুন করে চালু হওয়া এই সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম কমাবে ভোগান্তি, বাড়াবে সেবা দেওয়ার মাত্রা।
এসএএস
