ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক বর্ণিল গ্রীষ্ম উৎসব ও গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্কের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই উৎসব প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়, যা প্রবাসের মাটিতে যেন হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ।
শনিবার (২৫ জুলাই) কোপেনহেগেনের ইসলামিক কালচারাল সেন্টার মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। হরেক রকমের দেশীয় খাবার পরিবেশন, খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে দিনব্যাপী এ অনুষ্ঠান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্কের সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সুমন তালুকদারের সঞ্চালনায় উৎসবে উপস্থিত ছিলেন কোপেনহেগেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তন্ময় মজুমদার।
উৎসবে বিভিন্ন বয়সের শিশু-কিশোরদের খেলাধুলা ছাড়াও মেয়েদের বালিশ খেলা ও বড়দের ফুটবল খেলা সবার নজর কাড়ে।
আয়োজন সম্পর্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্কের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘সবার উপস্থিতি আমাদের উৎসবকে প্রাণবন্ত করেছে। সবাই এভাবে পাশে থাকলে ভবিষ্যতে আরও সুন্দর অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে।’
বিআরইউ
