বিজ্ঞাপন

ইউরোপজুড়ে দারুল ক্বিরাতের কার্যক্রমে প্রবাসী শিক্ষার্থীদের সাড়া

ইউরোপজুড়ে দারুল ক্বিরাতের কার্যক্রমে প্রবাসী শিক্ষার্থীদের সাড়া

ব্রিটেনসহ ইউরোপের প্রায় ৭০টি কেন্দ্রে শুরু হয়েছে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা কোর্স। এরই ধারাবাহিকতায় স্পেনের মাদ্রিদে শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে এ বছরের গ্রীষ্মকালীন শিক্ষা কার্যক্রম।

জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে লতিফিয়া ক্বারী সোসাইটির তত্ত্বাবধানে এই সেশনের ক্লাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মাদ্রিদের এই শাখায় সাতজন শিক্ষক রয়েছেন। প্রধান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ মো. উসমান খান শামীম এবং শাখা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আছেন হাফিজ আবুল কাসেম। সহকারী হিসেবে আরও রয়েছেন— হাফিজ মুজাহিদুল ইসলাম, ক্বারী মাওলানা মোফাচ্ছির আহমেদ, ক্বারী আতিকুর রহমান, ক্বারী মিজানুর রহমান ও ক্বারীয়া খাদিজাতুল জান্নাত।

দায়িত্বশীলরা জানান, সাধারণত শনি থেকে বৃহস্পতিবার সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস হয়। কোর্সের মেয়াদকাল চার সপ্তাহ। আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে চূড়ান্ত পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেশন শেষ হবে।

উল্লেখ্য, মহাগ্রন্থ আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানের এক অনন্য প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। এর প্রতিষ্ঠাতা জৌনপুরী সিলসিলার অন্যতম বুজুর্গ আল্লামা মোহাম্মদ আব্দুল লতীফ চৌধুরী (র.)। ১৯৫০ সালে ট্রাস্ট গঠন করে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এ ট্রাস্টের অধীনে প্রতি বছর রমজানে প্রায় দুই সহস্রাধিক শাখা কেন্দ্রের মাধ্যমে কয়েক লাখ শিক্ষার্থী পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষালাভের সুযোগ পেয়ে থাকেন। বাংলাদেশ ছাড়াও ভারত, মধ্যপ্রাচ্য ও গ্রেট বৃটেনসহ ইউরোপের অনেক দেশে এবং সুদূর আমেরিকাতেও ইলমে কিরাতের এ প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে।

এসএএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।