বিজ্ঞাপন

মালয়েশিয়ান ইয়ুথ এসডিজি সামিটে ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদের অংশগ্রহণ

মালয়েশিয়ান ইয়ুথ এসডিজি সামিটে ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদের অংশগ্রহণ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত মালয়েশিয়ান ইয়ুথ এসডিজি সামিট ২০২৬-এ স্ট্রেটেজিক পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ।

দেশটির সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী এ সম্মেলনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অংশগ্রহণ করে সংস্থাটি। আন্তর্জাতিক এ আয়োজনে অংশগ্রহণকারী ১৩টি প্রদর্শনী বুথের মধ্যে ইয়ুথ হাবের বুথ ছিল অন্যতম আকর্ষণ।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী মোরদি আনাক বিমল। এছাড়া উপস্থিত ছিলেন এপিপিজিএম-এসডিজির সচিবালয়ের প্রধান দাতুক ড. ডেনিসন জয়াসুরিয়া, জাতিসংঘের মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের আবাসিক সমন্বয়কারী নিকোলাস মিন্ট। 

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিনেটর ড. হাজি জুফিতরি জোহা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মাইএসডিজি অ্যাকাডেমির পরিচালক জোয়েল এনজি।

এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ’দ্য ফিউচার অব দ্য সোশ্যাল ইকোনমি’। এটি মালয়েশিয়ার ১৩তম জাতীয় পরিকল্পনা (আরএমকে-১৩) এবং সিক্স হেলিক্স ইনোভেশন মডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত একটি জাতীয় নীতি পরামর্শ (পলিশি কনসালটেশন), যেখানে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত, নাগরিক সমাজ, গণমাধ্যম ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ সামাজিক অর্থনীতি বিষয়ক নীতিমালা প্রণয়নের জন্য সুপারিশ তৈরি করা হয়।

ইয়ুথ হাবের প্রদর্শনী বুথে ইকো-প্রিন্ট, ক্লে জুয়েলারি, গার্মেন্টস ওয়েস্টেজ থেকে তৈরি পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), সামাজিক অর্থনীতি, নারী ক্ষমতায়ন, নেতৃত্ব উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করা হয়। এসব কার্যক্রম দেশি-বিদেশি দর্শনার্থী, নীতিনির্ধারক এবং উন্নয়নকর্মীদের ব্যাপক আগ্রহ ও প্রশংসা অর্জন করে।

ইয়ুথ হাবের ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল বিভাগের প্রধান নিয়ান সাহার নেতৃত্বে সম্মেলনে অংশগ্রহণ করেন ইয়ুথ হাবের এসডিজি এজেন্ট রফিকুল ইসলাম, জারিফ হামিম ইরাম এবং কাজী নাফিয়া ইসলাম। তারা দিনব্যাপী বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সংস্থা এবং অংশীদার প্রতিষ্ঠানের কাছে ইয়ুথ হাবের কার্যক্রম এবং বাংলাদেশের যুব নেতৃত্বাধীন উদ্যোগগুলো তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এ সম্মেলনে ইয়ুথ হাবের অংশগ্রহণ বাংলাদেশের যুবসমাজের উদ্ভাবন, প্রযুক্তি শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক উদ্যোগ এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যুব উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে ইতিবাচক অবদান রাখবে।

উল্লেখ্য, ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক একটি যুব নেতৃত্বাধীন আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং যুব ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল), এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-৫ (লিঙ্গ সমতা), এসডিজি-৮ (শোভন কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি-১৩ (জলবায়ু কার্যক্রম) এবং এসডিজি-১৭ (অংশীদারিত্ব) বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। মালয়েশিয়ার সিএসও-এসডিজি অ্যালায়েন্সের সদস্য হিসেবেও সংস্থাটি দেশটিতে টেকসই উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।