ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইতালীয় নাগরিক, প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।
জুলাই-আগস্ট গণআন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। পাশাপাশি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে পাঠানো একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে ‘জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভ্যুত্থানে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন এবং দেশ গঠনে বর্তমান সরকারের উদ্যোগগুলোতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুসৃত ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে গ্রহণ করে ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর চেতনায় বর্তমান সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে কাজ করছে।
অভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা জানান এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, একটি স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
জেআই
