বিজ্ঞাপন

প্যারিসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাবেক অধ্যক্ষ ও সাংবাদিক শাহেদ রাহমান

প্যারিসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাবেক অধ্যক্ষ ও সাংবাদিক শাহেদ রাহমান

যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফরকে কেন্দ্র করে বুধবার লেখক-সাংবাদিকদের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট ) সন্ধ্যায় প্যারিস শহরের অভারভিলিয়ের একটি রেস্টুরেন্টে প্যারিস বাংলা প্রেসক্লাবের আয়োজনে এই প্রীতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘প্যারিস বাংলা প্রেসক্লাবে’র সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক অধ‍্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নেতারা ফুল দিয়ে শাহেদ রাহমানকে বরণ করে নেন।

এ প্রীতি সভায় বক্তারা শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় তার দীর্ঘদিনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুক্ত আলোচনায় উঠে আসে প্রবাসে বাংলা ভাষার চর্চা, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগানো এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, প্রবাসের মাটিতে আমাদের এই মহৎ পেশার দায়িত্ব ও কর্ম অনেক বড়। আমরা শুধু আজকের খবরই বা বস্তুনিষ্ঠ সংবাদ শুধু লিখব না, আমাদের লিখতে হবে ৫২, ৭১ আর নজরুল-রবীন্দ্রনাথের, রাধারমন, হাছন, লালনের গল্প। নতুন প্রজন্ম যেন শেকড় ভুলে না যায়, সেজন্য সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহল বলেন, প্যারিসে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ ধরনের আয়োজন খুবই জরুরি। সাবেক অধ্যক্ষ ও সাংবাদিক শাহেদ রাহমানের মতো গুণী মানুষের পরামর্শ আমাদের পথ চলাকে আরও মসৃণ করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি সুদৃশ্য রেপ্লিকা স্মারক হিসেবে প্রদান করা হয়।

এছাড়া, সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শিক্ষা-গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ এবং সদস্য শাবুল আহমেদসহ অন্যান্য সদস্যরা।

পরে প্রধান অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মুহাম্মদ শাহেদ রাহমান সুনামগঞ্জের সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি। একই সঙ্গে তিনি ঢাকা পোস্ট-এর যুক্তরাজ্য প্রতিনিধি এবং বাংলা মিরর নিউজ, বাংলা সংলাপ ও ইউকে বাংলা গার্ডিয়ান- জগন্নাথপুর টাইমসের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

জেআই

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।