বিজ্ঞাপন

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবিতে লন্ডনে সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবিতে  লন্ডনে সভা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ইউকে শাখার উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি পূর্ব লন্ডনের দর্পণ বুক ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ মুনিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট ও প্রবীণ সাংবাদিক মো. রহমত আলী।

সভা পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মে. আয়াস মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন।

সভায় বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক স্পিকার আহবাব হোসেন, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিলের সাবেক মেয়র ফারুক চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. মুজিবুর রহমান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সাবেক সেক্রেটারি আহবাব হোসেন, কমিউনিটি নেতা নাজমুল হুদা, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিত, সাবেক কাউন্সিলর মো. ওসমান গনি, প্রফেসর আব্দুল হাই, ড. কামরুল হাসান, সৈয়দ জহুরুল হক, মাওলানা রফিক আহমদ, ফারুক মিয়া, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমদাদুন খান, আইওন টিভির উপস্থাপক হেনা বেগম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল আজিজ, আব্দুল হান্নান, আব্দুস সাত্তার, দিলরুবা ইয়াসমীন রুহি, মাহবুব খান, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, মো. এনাম উদ্দিন, ফজলুল হক চৌধুরী এবং শরিফ উদ্দিন প্রমুখ।

এ সভায় বক্তারা বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে সিলেটবাসী ও প্রবাসীরা এ দাবি জানিয়ে আসলেও এর কার্যকর বাস্তবায়ন না হওয়ায়, তারা ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, নামের সঙ্গে ‘আন্তর্জাতিক’ শব্দটি যুক্ত থাকলেও ওসমানী বিমানবন্দরের সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে এখনও নানা সীমাবদ্ধতা রয়েছে।

বক্তাদের অভিযোগ, বাস্তবে বিমানবন্দরটি অনেকাংশে অভ্যন্তরীণ বিমানবন্দরের মতোই পরিচালিত হচ্ছে। ফলে বিপুলসংখ্যক প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

বক্তারা আরও বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো, আন্তর্জাতিক রুট বৃদ্ধি এবং যাত্রীসেবার মান উন্নয়ন জরুরি। বিশেষ করে, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক সিলেটি প্রবাসীর যাতায়াতের কথা বিবেচনা করে বিমানবন্দরটির পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন।

সভায় উপস্থিত বক্তারা, বিষয়টি জাতীয় সংসদে পুনরায় উপস্থাপন এবং সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে জোরালোভাবে তুলে ধরার জন্য এ অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মুফতি আবুল হাসানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জেআই

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।