বিজ্ঞাপন

দশ দিনের ব্যবধানে মালদ্বীপে ৮ বাংলাদেশি নাগরিকের মৃত্যু

দশ দিনের ব্যবধানে মালদ্বীপে ৮ বাংলাদেশি নাগরিকের মৃত্যু

মাত্র ১০ দিনের ব্যবধানে মালদ্বীপে বসবাসকারী আটজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রবাসীদের মাঝে উদ্বেগের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করেছে।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের তথ্য অনুযায়ী গত ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে যারা মারা গেছেন, তাদের বয়স ছিল ২১ থেকে ৭০ বছরের মধ্যে। মৃত্যুর কারণগুলোর মধ্যে বিভিন্ন শারীরিক জটিলতা এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

মৃতদের মধ্যে চারজন স্ট্রোকে, একজন বয়স্ক ব্যক্তি হৃদ্‌রোগে, দুজন কর্মক্ষেত্রের দুর্ঘটনায় এবং একজন আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। মালদ্বীপে বসবাসকারী বাংলাদেশিরা মনে করেন, পরিবার থেকে দূরে থাকার মানসিক চাপ এবং আর্থিক কষ্টের কারণেই স্ট্রোক ও হৃদ্‌রোগজনিত মৃত্যুর হার বেশি।

যখন এবং যেভাবে তাদের মৃত্যু হয়-

গত ২৫ জুলাই রবিউল ইসলাম রোশন (২৩) কর্মক্ষেত্রে দুর্ঘটনা মারা যান। ২৭ জুলাই হুমায়ুন কবির (৪৫) এবং ২৮ জুলাই মকবুল মিয়া (৪৭) স্ট্রোক করে মারা যান। ৩০ জুলাই শেখ ফরিদ (৪৫) ডায়াবেটিসজনিত কারণে স্ট্রোক করে মারা যান। ১ আগস্ট কাজ করার সময় ভুলবশত বিষাক্ত রাসায়নিক তরল থিনার খেয়ে ফেলা সুলাইমান মাতাব্বারের (২১) মৃত্য হয়। একই দিন স্ট্রোক করে মারা যান সৈয়দ মোল্লা (৪৪)। ১ আগস্ট বদিউর রহমান (৩৭) এবং ৩ আগস্ট দেলওয়ারা নবী (৭০) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। 

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মুত্তাসিম বিল্লাহ বলেন, পাঁচজনের মরদেহ ইতোমধ্যে দেশে পাঠানো হয়েছে। বাকি মরদেহও দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তিনি মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মালদ্বীপে ১,৯৬,০২৪ জন বিদেশি নাগরিক বসবাস করেন, যা প্রতি তিনজন স্থানীয় বাসিন্দার বিপরীতে একজন অভিবাসীর সমান। এই প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশি নাগরিকরাই একটি বৃহত্তম অংশ।

আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।