বিজ্ঞাপন

মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ প্রবাসীকে দেশে ফেরাতে হাইকমিশনের উদ্যোগ

মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ প্রবাসীকে দেশে ফেরাতে হাইকমিশনের উদ্যোগ

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় দেশটির জেলে থাকা ৮৩ জন বাংলাদেশি দেশে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে, এতে করে তাদের দ্রুত বাংলাদেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, ভ্রমণ ভিসা নিয়ে অননুমোদিত ভাবে কাজ করা, এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করাসহ বিভিন্ন অপরাধে আটক হয়ে জেলের সাজা শেষে দেশে ফিরতে ইমিগ্রেশন ডিপোতে অপেক্ষমান ছিলেন তারা। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায়, জাতীয়তা নিশ্চিত না হওয়াসহ বিমান টিকিটের ব্যবস্থা না হওয়ায় দেশে ফিরতে পারছিলেন না ভাগ্য বদলের আশায় মালয়েশিয়া পাড়ি জমানো এসব বাংলাদেশিরা।

বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ৩ আগস্ট দেশটির পেরাক রাজ্যের লাংকাপ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার পরিদর্শন করে। প্রতিনিধিদল ওই ক্যাম্পে আটক ৮৩ জন প্রবাসী বাংলাদেশি কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে, প্রয়োজনীয় কনস্যুলার/ট্রাভেল পারমিট (টিপি) সংক্রান্ত সেবা দেন।

সব কিছু ঠিক থাকলে বিমান টিকিট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ফ্লাইটে দেশে ফিরতে পারবেন তারা।

উল্লেখ্য, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো রকম শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ চলমান থাকার পরেও থেমে নেই ধরপাকড়। নিয়মিত আটক অভিযানে গ্রেপ্তার হয়ে দেশটির বিভিন্ন রাজ্যের জেলখানায় সাজা ভোগ শেষে ক্যাম্পে অবস্থান করছেন অসংখ্য বাংলাদেশি। ক্যাম্পে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরাতে দূতাবাসের একাধিক প্রতিনিধি দল নিয়মিত ক্যাম্প পরিদর্শন করে ট্রাভেল পাস ইস্যু করে আসছে। 

এছাড়া, দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ইমিগ্রেশন ক্যাম্পে আটক থাকা বাংলাদেশিদের কীভাবে দ্রুত সময়ে দেশে পাঠানো যায় সে বিষয়ে দেশটির ইমিগ্রেশনের সঙ্গেও নিয়মিত বৈঠক করছে দূতাবাস।

জেআই

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।