বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি রোমের কেন্দ্রীয় তেরমিনি রেলস্টেশনে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ইতালিপ্রবাসী বাংলাদেশি, দলীয় নেতাকর্মী এবং তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-২-এর প্রবাসীরা।
স্টেশনে পৌঁছানোর পর ইতালি বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে নোয়াখালী-২ আসনের প্রবাসীরা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার নানা বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেন। জয়নুল আবেদীন ফারুকও রোমে বসবাসরত প্রবাসীদের সার্বিক খোঁজখবর নেন।
নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি তার নির্বাচনী এলাকার প্রবাসীদের সঙ্গে কিছু সময় কাটান। জ্যেষ্ঠ এই নেতার আগমনকে কেন্দ্র করে ইতালি বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অভ্যর্থনা জানানোর সময় ইতালি বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা, ফ্লোরেন্স বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সাগর, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণি ও সাধারণ সম্পাদক ওমর ফারুক।
এছাড়া বিএনপি নেতা সোহেল চৌধুরী, খান রবিন, সোহাগ খান, নিরব খান, ফারুক হোসাইন, সাইফুল ইসলাম পারভেজসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএন
