বিজ্ঞাপন

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ ও প্রীতি সন্ধ্যা অনুষ্ঠিত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ ও প্রীতি সন্ধ্যা অনুষ্ঠিত

ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এক বিশেষ নৈশভোজ ও প্রীতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্তোরাঁয় ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল’-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলা সম্পন্ন হয়।

আব্দুল হাছিবের সভাপতিত্বে এবং কাওসার আহমেদ ও আল আমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পর্তুগালে অবস্থানরত বিশ্বনাথের প্রবীণ ও নবীন প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এক ছাদের নিচে জড়ো হতে পেরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাসুম আহমেদ, শামীম আহমেদ, জালাল আহমেদ, রাবেল আহমেদ, হাবিবুর রহমান, শহীদ উল্লাহ, তোফায়েল আহমেদ, সুব্রত চন্দ্র ও রফিক আহমেদসহ অনেকে।

সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, সুদূর পর্তুগালে নিজেদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও একতা ধরে রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রবাসীদের যে–কোনো সুখে-দুঃখে পাশে থাকার এবং ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

নৈশভোজের পাশাপাশি আয়োজিত প্রীতি সন্ধ্যায় প্রবাসীরা স্মৃতিচারণ ও পারস্পরিক ভাববিনিময়ে মেতে ওঠেন। বিপুলসংখ্যক প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি লিসবনের বুকে যেন এক ‘ছোট বিশ্বনাথে’ পরিণত হয়।

জেআই

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।