বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও, গত ১০ আগস্ট মালয়েশিয়ার পাহাং রাজ্যের তানজংলামপুরে অভিবাসন বিভাগের এক অভিযানে বিপুলসংখ্যক আইন প্রয়োগকারী কর্মকর্তা দেখে আতঙ্কিত হয়ে সমুদ্রে ঝাঁপ দেন বাংলাদেশি নির্মাণ শ্রমিক।
২৫ বছর বয়সী ওই বাংলাদেশির ঝাঁপ দেওয়ার পর ডুবুরিসহ বিভিন্ন সংস্থার ২০ জনেরও বেশি কর্মীর অংশগ্রহণে সাত ঘণ্টাব্যাপী একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়। পরে সেদিনই বিকেল ৫টা ৩০ মিনিটে তাকে অভিবাসী শ্রমিকদের কোয়ার্টার থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার (১২ আগস্ট) রাজ্য পুলিশ কন্টিনজেন্ট সদর দপ্তরে পাহাং পুলিশের ভারপ্রাপ্ত প্রধান দাতুক আজরি আকমার আয়োব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন যে, পরিদর্শনের জন্য নির্মাণস্থলে বিপুলসংখ্যক আইন প্রয়োগকারী কর্মকর্তাকে প্রবেশ করতে দেখে তিনি আতঙ্কিত হয়ে নির্মাণস্থলের কাছে সমুদ্রে ঝাঁপ দেন।
পরে পুলিশ ও অভিবাসন বিভাগের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, নির্মাণস্থলে কাজ করার জন্য তার কাছে বৈধ কাগজপত্র ছিল।
আজরি আকমার বলেন, লোকটি নির্মাণস্থল থেকে টেমবেলিংয়ের কাছে একটি রিসোর্টে কয়েক কিলোমিটার সাঁতরে যাওয়ার পর কিছুক্ষণ পানিতে ছিলেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি তাঞ্জুনলামপুরে তার শ্রমিকদের কোয়ার্টারে নিরাপদে ফিরে যান।
এসএএস
