মালয়েশিয়ার কুয়ালালামপুর হাসপাতাল মর্গে পড়ে থাকা মৃত প্রবাসী দীন মোহাম্মদের পরিবারের সন্ধান করতে ফেসবুকে পোস্ট দিয়েছেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশি দূতাবাস।
বুধবার (১২ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরস্থ বাংলাদেশি দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দীন মোহাম্মদের ছবি একটি পোস্ট করেন।
পোস্টে বলা হয়, দীন মোহাম্মদ নামে এক মালয়েশিয়ান প্রবাসী গত ২৫ জুলাই মালয়েশিয়ায় ইস্কেমিক হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান। তার মরদেহ বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে সংরক্ষিত রয়েছে।
নিয়োগকর্তার দেওয়া পাসপোর্ট ও ভিসা অনুযায়ী, তার নাম দীন মোহাম্মদ, পিতার নাম আব্দুল হক এবং তার ঠিকানা লেখা- রাজাবাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর, কুমিল্লা।
পোস্টে আরও বলা হয়, মরদেহ দেশে পাঠানোর জন্য বাংলাদেশে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী এখনো উক্ত ব্যক্তির সঠিক ঠিকানা নির্ধারণ বা তার স্বজনের কোনো হদিস পাওয়া যায়নি। ফলে মরদেহ দেশে পাঠানো বা স্থানীয় দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কারো কাছে তার বা তার আত্মীয় স্বজনদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা হাইকমিশনেকে দেওয়ার অনুরোধও করা হয় ফেসবুক পোস্টটিতে।
তবে দীন মোহাম্মদকে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও তার স্বজনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
আরএফ
