বিজ্ঞাপন

প্যারিসে জুলাই ডায়লগে রাজনৈতিক ঐক্য ও সংস্কারের তাগিদ

প্যারিসে জুলাই ডায়লগে রাজনৈতিক ঐক্য ও সংস্কারের তাগিদ

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাইয়ের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য, কাঠামোগত সংস্কার এবং ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। জুলাই আন্দোলনের অর্জনকে সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ও সুদৃঢ় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (১৪ আগস্ট) বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি হোটেলের বলরুমে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) এ সেমিনারের আয়োজন করে। 

এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টোয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন এফবিজেএর সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা।

সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, দ্য ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। তারা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, অর্জন, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাইয়ের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই স্বপ্ন বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করার পাশাপাশি আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া প্রত্যাশাগুলো বাস্তবে রূপ দিতে ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, উন্নত বিশ্বের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। রাষ্ট্রের বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নকে তিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন।

ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এ অবস্থায় জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা জরুরি। ঐক্যবদ্ধভাবে যেকোনো বাংলাদেশবিরোধী তৎপরতা মোকাবিলার ওপরও তিনি গুরুত্ব দেন।

দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনের সময় দেশের বাইরে থেকেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরাও বিভিন্নভাবে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি ফরাসি গণমাধ্যমে জুলাই আন্দোলনের সংবাদ প্রকাশ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ডা. পিনাকী ভট্টাচার্য দেশের বিভিন্ন খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি জুলাইয়ের অর্জন সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন।

আলোচনায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে সাংবাদিকতার বাস্তবতা, দায়িত্ব ও সম্ভাবনাও উঠে আসে। 

বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবাসী সমাজের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক আরও কার্যকর ও পেশাদার করার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী সমাজের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মহসিন আল আবিদ, আরাফাত রহমান, মোহাম্মদ আরিফ এবং ব্যবসায়ী শহিদুল ইসলামসহ প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

এফবিজেএর সদস্যদের মধ্যেও জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট নিয়াজ মাহমুদ, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং স্বাধীন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।

আরএআর

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।