বিজ্ঞাপন

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপে দোয়া ও আলোচনা সভা

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপে দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মালদ্বীপ বিএনপি। 

শনিবার (১৫ আগস্ট) রাতে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে সভাপতি খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মরহুমা খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ চিরকাল মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সঙ্কটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা ও আবেগের প্রতিফলন।’

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। পরে নেতাকর্মীরা সংক্ষিপ্ত আলোচনায় বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবরণ ও নানা নির্যাতনের মুখোমুখি হলেও প্রয়াত খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। দেশের মানুষের সঙ্গে তার রাজনৈতিক ও আবেগগত সম্পর্ক ছিল গভীর। তার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

একইসঙ্গে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এরপর মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তার পরিবার, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন বাংলাদেশ থেকে আগত হজরত মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়েজী। শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতৃত্বকে শক্তিশালী এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি বাবুল হোসেন, শাহ আলম, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক, মুক্তার হোসেন, শাহ আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না ও সদস্য সচিব নুর নবী মানিক, প্রস্তাবিত যুবদলের মালদ্বীপ শাখারা আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।