বিজ্ঞাপন

মালদ্বীপের ডলার সংকট ও রেমিট্যান্স জটিলতা নিরসনে মতবিনিময় করবে হাইকমিশন

মালদ্বীপের ডলার সংকট ও রেমিট্যান্স জটিলতা নিরসনে মতবিনিময় করবে হাইকমিশন

মালদ্বীপে চলমান তীব্র ডলার সংকট, বৈদেশিক মুদ্রার প্রবাহে সীমাবদ্ধতা এবং রেমিট্যান্স পাঠাতে বাংলাদেশি প্রবাসীদের নানামুখী প্রতিবন্ধকতা নিরসনে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন।

দেশটির বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা এবং ডলার সংকটের অভিঘাতে প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে সৃষ্ট জটিলতা ও আর্থিক লেনদেনের প্রতিবন্ধকতাকে গুরুত্ব দিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

সভায় ব্যাংকার, ব্যবসায়ী, শ্রমিক-কর্মজীবী, পেশাজীবী, কমিউনিটি প্রতিনিধি, সাংবাদিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপ অ্যাডমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মতবিনিময় সভায় মালদ্বীপে বাংলাদেশের কোনো ব্যাংকের শাখা অথবা প্রতিনিধিত্বমূলক কার্যক্রম চালুর সম্ভাবনাসহ, রেমিট্যান্স ব্যবস্থাপনায় বিদ্যমান কাঠামোগত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একইসঙ্গে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ জোরদার, ডলার প্রাপ্তির প্রতিবন্ধকতা নিরসন এবং প্রবাসীদের আর্থিক লেনদেন সহজীকরণে বাস্তবসম্মত পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণের বিষয়েও মতামত নেওয়া হবে।

হাইকমিশন জানায়, প্রবাসীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সমস্যা, মতামত ও সুপারিশকে সমন্বিত করে রেমিট্যান্স প্রেরণসহ আর্থিক খাতের বিদ্যমান সংকটের কার্যকর ও টেকসই সমাধানের পথ অনুসন্ধান করাই এ মতবিনিময় সভার মূল লক্ষ্য।

মতবিনিময় সভায় অংশগ্রহণে আগ্রহী প্রবাসীদের নির্ধারিত নিবন্ধন ফরম পূরণের মাধ্যমে সভায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ।

আরএফ/এনএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।