ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কোরআন শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রান্সের অভেরভিলিয়ে এলাকায় অবস্থিত ফ্রান্স-বাংলা কমিউনিটি অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত শাখা কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বাঙালি মিলনমেলায় পরিণত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ফ্রান্স-বাংলা কমিউনিটি অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের পরিচালক হাফিজ মাওলানা জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আসাদ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের খতিব ও আঞ্জুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট আল্লামা নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মধ্যে কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ পৌঁছে দিতে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসে থেকেও যারা কোনো পারিশ্রমিকের প্রত্যাশা না করে নিজেদের শ্রম, মেধা ও সময় কোরআন শিক্ষা এবং কমিউনিটির কল্যাণে ব্যয় করছেন, তাদের এ অবদান নিঃসন্দেহে মহৎ ও অনুকরণীয়।

তিনি বলেন, শিশু-কিশোরদের শৈশব থেকেই পবিত্র কোরআন, ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা ভবিষ্যতে সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভেরভিলিয়ে বাংলাদেশি কমিউনিটি মসজিদের প্রেসিডেন্ট ছালেহ আহমদ, মাদ্রাসার কোষাধ্যক্ষ সাদিকুর রহমান, দাতা সদস্য সাহেদ আহমদ, সহ-সভাপতি জাকির হোসেন, লক্ষণাবন্দ ইউনিয়নের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান সাঈদ আহমদ, লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি ইনামুল হক, সদস্য কামাল আহমদ ও শহীদ আহমদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিজানুর রহমান, শিক্ষক মাওলানা শাহীন আহমদ, মাওলানা আবুল কালাম, হাফিজ খালেদুর রহমান, মাওলানা জুনেদ আহমদ এবং বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরাফাত রহমান ও মাহদী রহমান। তারা গ্রীষ্মকালীন প্রশিক্ষণের মাধ্যমে পবিত্র কোরআন শিক্ষা, ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষা অর্জনের সুযোগ করে দেওয়ায় আয়োজক, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার ও সনদ গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরাও সন্তানদের এমন শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় আয়োজকদের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (রহ) রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিশ্বের সব মুমিন-মুসলমানের শান্তি, কল্যাণ, হেদায়েত ও সমৃদ্ধি কামনা করা হয়।
পরে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জেআই/এনএফ
