বিজ্ঞাপন

ববি মুর অ্যাওয়ার্ডে সম্মানিত ড. জাকির খানকে লন্ডনে সংবর্ধনা

ববি মুর অ্যাওয়ার্ডে সম্মানিত ড. জাকির খানকে লন্ডনে সংবর্ধনা

ন্যাশনাল ববি মুর অ্যাওয়ার্ড প্রাপ্তিতে লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ব‍্যক্তিত্ব ড. জাকির খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার এফএ কমিউনিটি শিল্ড ম্যাচে ড. জাকির খানকে ন্যাশনাল ববি মুর অ্যাওয়ার্ড প্রদান করে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (FA)।

তৃণমূল পর্যায়ের ফুটবলে দীর্ঘদিনের সেবা, তরুণদের উন্নয়ন ও তাদের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মান দেওয়া হয়। ড. জাকির খানের এই প্রেস্টিজিয়াস অ‍্যাওয়ার্ড প্রাপ্তিতে এই প্রীতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ আগস্ট) পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ প্রীতি সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল আলম। প্রীতিসভা পরিচালনা করেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন।

এ সভায় সংবর্ধিত ব‍্যক্তিত্ব ড. জাকির খানকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, বিবিসিআইয়ের সাবেক সভাপতি বশির আহমেদ বিইএম, টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিসউদ্দিন আহমদ, কাউন্সিলম‍্যান মনসুর আলী, সাবেক অধ‍্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, প্রবীণ সাংবাদিক মোস্তাক বাবুল, পারভেজ কোরেশী, অধ‍্যক্ষ আশিদ আলী, এম এ মুনিম ছালিক, বিশিষ্ট ব‍্যবসায়ী সাব্বির করিম, মঈন উদ্দিন আনসার, আশিকুর রহমান, আশরাফ গাজী, ফুটবলার সিরাজ উদ্দিন, জেন মিয়া, কবি-সাংবাদিক সাজ্জাদ হোসেন নয়ন, ঢাকা মোহামেডানের সাবেক ফুটবলার আব্দুল ওয়াহিদ ও দীপু মুহাম্মদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশি কমিউনিটির তরুণদের ফুটবলে এগিয়ে নিতে দীর্ঘ ৩৫ বছরের অবদানের স্বীকৃতি হিসেবে ঐতিহাসিক সম্মাননা পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি ড. জাকির খান। এতে আমরা ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আনন্দিত।

বক্তারা আরও বলেন, সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, অধ্যবসায় ও কর্মতৎপর থাকলে ড. জাকির খানের মতো এ রকম সম্মান-সফলতা আগামীতে যে কেউ বয়ে আনতে পারবেন। এতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নন্দিত হবে।

সংবর্ধনার জবাবে ব্রিটিশ-বাংলাদেশি ব্যক্তিত্ব  ড. জাকির খান প্রতিক্রিয়ায় বলেন, এই অর্জন কেবল তার একার নয়, বরং এটি পুরো প্রবাস ও স্থানীয় কমিউনিটির সকলের। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটির কল্যাণ ও সেবায় একযোগে কাজ করার আহ্বান জানান।

মুহাম্মদ শাহেদ রাহমান/এসএইচএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।