যুক্তরাজ্যের লন্ডনে উৎসবমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে আয়োজিত দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসে অবস্থানরত গোয়াইনঘাট উপজেলার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়াইনঘাট অলস্টার ক্রিকেট দল।
মঙ্গলবার (২৫ আগস্ট) লন্ডনের ভিক্টোরিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে প্রবাসী গোয়াইনঘাট উপজেলার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের সদস্য ইকবাল আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি গোলাম জিলানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আহমদ।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে কিবরিয়া ওয়াহিদ, সেরা বোলার ফয়েজ আহমদ, সেরা ব্যাটসম্যান জিল্লুর রহমান এবং উদীয়মান খেলোয়াড় হিসেবে রাহাত নির্বাচিত হন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর অ্যাডভোকেট হোসাইন আহমদ, গোয়াইনঘাট অলস্টার ক্রিকেট দলের অধিনায়ক ফয়েজ আহমদ, গোয়াইনঘাট ইয়ংস্টার ক্রিকেট দলের অধিনায়ক মারুফ আহমদ এবং গোয়াইনঘাট সুপারস্টার ক্রিকেট দলের সহ-অধিনায়ক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তারা বলেন, খেলাধুলার প্রসারে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আয়োজকেরা জানান, গোয়াইনঘাট উপজেলার খেলোয়াড়দের একত্রিত করে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং প্রবাসে গোয়াইনঘাটের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা আরও শক্তিশালী করাই তাদের অন্যতম লক্ষ্য।
বিআরইউ
