মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) মালদ্বীপের রাজধানী মালেতে স্থানীয় একটি রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলটির আহ্বায়ক মো. মাসুম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সদস্য সচিব নুরনবী মানিক ও যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সহসভাপতি মো. ফারুক হোসেন, সহসভাপতি মো. শাহ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. আরিফুর রহমান। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসের মাটিতে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ়, সুসংহত ও গতিশীল করতে নেতাকর্মীদের সর্বাত্মক ঐক্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার, মর্যাদা ও স্বার্থ সুরক্ষায় যেকোনো অনিয়ম, বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও অধিকার নিয়ে কার্যকর সাংগঠনিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
অনুষ্ঠানে পারস্পরিক বিভেদ ও অনৈক্য পরিহার করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও মালদ্বীপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।।
আরএফ
