মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতামূলক বিশেষ পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (২৯ আগস্ট) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। সেখানে সেসব বিষয় অনুসরণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
করণীয়
ক) কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা।
খ) পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা।
গ) চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা।
ঘ) অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকা।
৬) সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা সমীচীন। পাশাপাশি তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকা।
বর্জনীয়
ক) সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা।
খ) ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করা।
গ) কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করা।
ঘ) যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া।
৬) কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ না করা।
চ) নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র বা আইডি, ব্যাংক তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা।
ছ) ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া।
জ) ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়া।
ঝ) কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়া।
উল্লেখ, মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মেট্রোরেল, বাস এমনকি পাবলিক প্লেসে টিকটক, অনলাইজুয়া, মাদক কেনা-বেচা, উচ্চস্বরে কথা বলাসহ দলবেঁধে চলাফেরা করায় স্থানীয় নাগরিকরা বিরক্তবোধ করেন। এতে বিভিন্ন সময় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সম্প্রতি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী যাওয়ার বিশাল সুযোগ তৈরি হয়েছে। দেশটির স্থানীয় নাগরিকরা যেন বাংলাদেশিদের উপর বিরক্ত না হন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
