স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত জকিগঞ্জ প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) এই বনভোজনের আয়োজন করা হয় স্পেনের ছিউদাদ দে রিয়াল প্রদেশের মনোরম পর্যটন এলাকা রুইদেরাতে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লেক ও সবুজ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জকিগঞ্জের প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকাল থেকেই বনভোজনস্থলে প্রবাসীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর স্বজন ও পরিচিতজনদের সঙ্গে একত্রিত হয়ে সবাই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, আড্ডা, সাংস্কৃতিক বিনোদন, পারিবারিক আনন্দ ও বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন অংশগ্রহণকারীরা।
বনভোজনকে কেন্দ্র করে জকিগঞ্জ প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন নিজেদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে জকিগঞ্জের মানুষের সামাজিক বন্ধন বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আহমেদ আসাদুর রাহমান সাদ, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন।
এছাড়াও সহোযোগিতায় ছিলেন জালাল আহমেদ ,মুসলিম উদ্দিন তাপাদার,ইমাদ উদ্দিন,বাবলু আহমদ বাবু, ছালিক আহমেদ, জুনেদ আহমেদ ,আরিফ আহমেদ,তারেক আজিজ সহ সংগঠনের বিভিন্ন নেতারা।
অনুষ্ঠানে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের নেতা ও সদস্যরা বলেন, প্রবাসে থেকেও নিজেদের এলাকার মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও জকিগঞ্জ প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মনোরম পরিবেশে দিনব্যাপী আনন্দ-উৎসব শেষে অংশগ্রহণকারীরা সংগঠনের আয়োজকদের ধন্যবাদ জানান। বনভোজনটি প্রবাসী জকিগঞ্জবাসীর মধ্যে এক আনন্দঘন মিলনমেলার স্মৃতি হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত সবাই।
আরএফ
