বিজ্ঞাপন

মাদ্রিদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী : ঐক্য-শৃঙ্খলা জোরদারের আহ্বান

মাদ্রিদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী : ঐক্য-শৃঙ্খলা জোরদারের আহ্বান

প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা জোরদারের আহ্বানের মধ্য দিয়ে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার এ উপলক্ষ্যে একটি রেস্তোরাঁয় স্পেন বিএনপির উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক মনু। এতে প্রধান বক্তা হিসেবে সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান ঝন্টু এবং বিশেষ অতিথি হিসেবে মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তারেক রহমানের নেতৃত্বের সাফল্য এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, বাংলাদেশের রাজনীতিতে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রবাসে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বক্তব্য দেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির অবদানের কথা স্মরণ করে তাঁরা অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভায় অন্যান্যের মধ্যে আরও আলোচনায় অংশ নেন- সংগঠনের সহসভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া ও ইউনুস আলী, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদ আলী এবং যুবদল নেতা শাহ আলম, আজিজুল ব্যাপারী, রুদ্র প্রমুখ। অনুষ্ঠানে দলের ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সফল হওয়ার প্রত্যাশায় বিএনপির সার্বিক সাফল্য কামনা করা হয়।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।