যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও রাজনৈতিক দৃঢ়তার মধ্য দিয়ে মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সভায় বক্তারা দলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, গণতন্ত্র কোনো অনুগ্রহের বিষয় নয়; এটি জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার। প্রবাসে অবস্থান করেও দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক দায়িত্বশীলতা বজায় রাখার ওপর জোর দেন বক্তারা। পাশাপাশি বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মালদ্বীপ শাখা বিএনপির সহসভাপতি মো. ফারুক হোসেন, মো. মুক্তার হোসেন ও রহিম মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না, যুবদল নেতা আরিফুল ইসলাম, আবু জাহের, আবু আহমেদ সেলিমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতা-কর্মীরা।
বিআরইউ
