বিজ্ঞাপন

প্যারিসে ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে বাংলাদেশি শেফ আলী

প্যারিসে ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে বাংলাদেশি শেফ আলী

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি শেফ মোহাম্মদ আলী চৌধুরী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত শীর্ষ শেফদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ মহাদেশের অসংখ্য প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের আসরের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছেন মাত্র ১৮ জন শেফ। তাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ আলী চৌধুরী।

আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর প্যারিসের কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁ, আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি ভিলেজের প্রতিষ্ঠাতা অ্যান-লর দেসকম্বিনসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ খাদ্য বিশেষজ্ঞরা।

১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেবেন মোহাম্মদ আলী চৌধুরী। এ সময় আন্তর্জাতিক বিচারকদের সামনে বাংলাদেশের পতাকা হাতে নিজের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও খাবার পরিবেশনের নৈপুণ্য তুলে ধরবেন তিনি।

বিশ্বের মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় বাংলাদেশি শেফের অংশগ্রহণকে দেশের রন্ধনশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। তার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও রন্ধনশৈলী আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মোহাম্মদ আলী চৌধুরীর এ অর্জন বাংলাদেশের তরুণ ও পেশাদার শেফদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে উৎসাহিত করবে। পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের রন্ধনশিল্পের পরিচিতি ও সম্ভাবনা আরও বিস্তৃত হবে।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন