মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী দেশটির পেনাং অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী চৌ কোন ইয়েওয়ের সঙ্গে পেনাংয়ের কমটার ভবনে তার সরকারি অফিসে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পেনাংয়ের কমটার ভবনে সরকারি অফিসে তারা এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় হাই কমিশনার বাংলাদেশে সেমিকন্ডাকটর শিল্পে দক্ষতা উন্নয়নের পাশাপাশি পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য পেনাংয়ের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান।
এ ছাড়া, পেনাং ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে পেনাংয়ের সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও আন্তঃসংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া, পর্যটন খাতে বিশেষ করে স্বাস্থ্য পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পেনাং থেকে বাংলাদেশে আরও অধিক বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) তানজিম হুসাইন উপস্থিত ছিলেন।
এসএএস
