বিজ্ঞাপন

প্রবাসীদের দোরগোড়ায় মালদ্বীপ হাইকমিশনের বিশেষ কনস্যুলার ক্যাম্প

প্রবাসীদের দোরগোড়ায় মালদ্বীপ হাইকমিশনের বিশেষ কনস্যুলার ক্যাম্প

মালদ্বীপের প্রত্যন্ত ফুভাহমুলাহ্ দ্বীপে বাংলাদেশি প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বিশেষ ক্যাম্পে প্রায় ১০০টি ই-পাসপোর্ট ও ২৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণ করা হয়।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ক্যাম্পে সেবা পেয়ে দেশটির রাজধানী মালেতে যাতায়াত, বিমানভাড়া, থাকা-খাওয়া ও কর্মঘণ্টার অতিরিক্ত ব্যয় থেকে রেহাই পেয়েছেন প্রবাসীরা। ফুভাহমুলাহ্ থেকে মালে যাওয়া-আসায় বিমানভাড়াই প্রায় ৩০–৪০ হাজার টাকা। প্রবাসীরা হাইকমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য প্রত্যন্ত দ্বীপেও নিয়মিত কনস্যুলার ক্যাম্প আয়োজনের দাবি জানান।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, প্রবাসীদের সময়, অর্থ ও কর্মঘণ্টার মূল্যায়ন করাই হাইকমিশনের লক্ষ্য। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দ্বীপে ই-পাসপোর্ট, বিএমইটি নিবন্ধনসহ কনস্যুলার সেবা সম্প্রসারণ করা হবে।

উল্লেখ্য, ফুভাহমুলাহ্ দ্বীপে যাতায়াতে বিমানে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে এবং যাওয়া-আসার বিমানভাড়া প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। এর সঙ্গে মালে অবস্থানকালে থাকা-খাওয়া ও অন্যান্য খরচ যুক্ত হয়। ফলে স্বল্প আয়ের প্রবাসী শ্রমিকদের জন্য রাজধানীতে এসে কনস্যুলার সেবা নেওয়া অনেকটাই ব্যয়বহুল। এ অবস্থায় দ্বীপে সরাসরি সেবা দেওয়ার উদ্যোগকে প্রবাসীবান্ধব ও কল্যাণমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।

আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।