সবচেয়ে দীর্ঘ ও কম সময় রোজা হবে যেসব দেশে

বিশ্বজুড়ে এক কোটির বেশি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করছেন পবিত্র রমজান মাসের। আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির এই মাসে রোজার সময়কাল দেশভেদে ভিন্ন হয়। ভৌগোলিক অবস্থান ও দিনের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে কোথাও রোজা হবে সবচেয়ে দীর্ঘ, আবার কোথাও তুলনামূলকভাবে কম।
পবিত্র রমজান মাসে মুসলমানরা ফজর থেকে মাগরিব পর্যন্ত পানাহারসহ সব ধরনের শারীরিক চাহিদা থেকে বিরত থাকেন। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের ওপর নির্ভর করায় রোজার দৈর্ঘ্য একেক দেশে একেক রকম হয়।
হিজরি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছর রমজান এগিয়ে আসে প্রায় ১০ থেকে ১২ দিন। এ কারণেই রোজার সময়কালেও প্রতি বছর কিছুটা পরিবর্তন দেখা যায়। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, এবার রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে এক দিন আগেই রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত ঘোষণা দেবেন সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি।
এবার রোজাদারদের জন্য স্বস্তির খবর হলো গত বছরের তুলনায় এবার রমজানে রোজার সময় কিছুটা কম হবে বলে ধারণা করা হচ্ছে।
কেন দেশভেদে রোজার সময় আলাদা হয়?
রোজার সময় মূলত নির্ভর করে কোনো দেশের ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের ওপর। নিরক্ষরেখার কাছাকাছি দেশগুলোতে দিন ও রাত তুলনামূলকভাবে সমান হওয়ায় রোজার সময় মাঝামাঝি থাকে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশে রোজার সময় মাঝারি মাত্রার। তবে কোনো দেশ যত উত্তরে অবস্থিত, সেখানে দিনের দৈর্ঘ্য তত বেশি হয়, ফলে রোজার সময়ও দীর্ঘ হয়। আবার দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশগুলোতে দিনের দৈর্ঘ্য কম হওয়ায় রোজার সময় তুলনামূলকভাবে কম।
সংযুক্ত আরব আমিরাতে এবার রমজানের প্রথম দিনে রোজার সময় হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪৬ মিনিট। গত বছর যা ছিল প্রায় ১৩ ঘণ্টা ১৬ মিনিট। মাসের শেষ দিকে যেতে যেতে রোজার সময় ধীরে ধীরে কয়েক মিনিট করে বাড়বে।
সবচেয়ে দীর্ঘ রোজা যেসব দেশে
উত্তর গোলার্ধের অনেক দেশে এ বছর রোজা হবে সবচেয়ে দীর্ঘ। বিশেষ করে উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে বিশ্বে সবচেয়ে বেশি সময় রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে রোজার সময় ১৬ ঘণ্টার বেশি হতে পারে। আবার সুইডেন, নরওয়ে, গ্রিনল্যান্ড ও উত্তর কানাডার কিছু এলাকায় সূর্যের আলো দীর্ঘ সময় থাকায় রোজা ২০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে।
বিশেষ ব্যবস্থার সুযোগ
যেসব এলাকায় দিনের দৈর্ঘ্য অস্বাভাবিকভাবে দীর্ঘ, সেখানকার মুসলমানদের জন্য বিশেষ সুবিধার কথা বলেছেন ইসলামী চিন্তাবিদরা। সে ক্ষেত্রে রোজাদাররা চাইলে মক্কার সময়সূচি অনুসরণ করতে পারেন অথবা নিকটবর্তী কোনো মাঝারি দিনের শহরের সময় ধরে রোজা ও নামাজ আদায় করতে পারেন।
সবচেয়ে কম সময় রোজা যেসব দেশে
নিরক্ষরেখার কাছাকাছি কিংবা দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় তুলনামূলকভাবে কম হয়। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, চিলি ও নিউজিল্যান্ডের কিছু অংশে রোজার সময় সাধারণত ১১ থেকে ১৩ ঘণ্টার মধ্যে থাকে।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কেনিয়ার মতো নিরক্ষরেখার কাছের দেশগুলোতে রোজার সময় প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা হবে, যা সারা মাসজুড়ে মোটামুটি একই রকম থাকবে।
সব মিলিয়ে বিশ্বজুড়ে এবারের রোজা রোজাদারদের জন্য অপেক্ষাকৃত স্বস্তিদায়ক হতে যাচ্ছে, বিশেষ করে যারা গত কয়েক বছর ধরে দীর্ঘ সময় রোজা রেখেছেন তাদের জন্য।
এনটি