অস্ট্রেলিয়ায় রোজা কবে, জানা গেল

অস্ট্রেলিয়ায় রমজান শুরু হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল। রমজানে দেশটির মুসলিম সম্প্রদায়কে ঐক্য বজায় রাখতে ও বিশ্বজুড়ে শান্তির জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ।
গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ বলেন, কাউন্সিলের সঙ্গে পরামর্শের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সিডনি ও পার্থে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর রমজানের নতুন চাঁদ উদিত হবে। তাই ওইদিন সন্ধ্যায় রমজান শুরু হওয়ার সম্ভাবনা নেই। এই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার, ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম রাত হবে এবং এশার নামাজের পর প্রথম তারাবির নামাজ আদায় করা হবে ।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি মুসলিমদের মধ্যে ভিন্ন ভিন্ন ফিকহি মতামতের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ঐক্য বজায় রেখে বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও গাজাসহ পুরো বিশ্বের বিপন্ন মানুষের জন্য দোয়া করার অনুরোধ করেন।
সাধারণত অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল স্থানীয় চাঁদ দেখা সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে রমজানের তারিখ চূড়ান্ত করে। সে কারণে অনেক মুসলিম কমিউনিটি সম্ভাব্য তারিখ ধরে আগাম প্রস্তুতি নেয়, তবে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত নমনীয় থাকে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব রমজান সূচনার সম্ভাব্য শক্ত ভিত্তি দিলেও, স্থানীয়ভাবে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে রমজান মাসের সূচনা ঘোষণা করা হয়।
অস্ট্রেলিয়ার মুসলিমদের রমজানের আধ্যাত্মিক প্রস্তুতি হিসেবে নিয়ত দৃঢ় করা ও ইবাদতের পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রোজা, পরিবার ও কর্মজীবনের সমন্বয়ে দৈনন্দিন রুটিন সাজানো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে যাকাত ও ফিতরা পরিশোধের প্রস্তুতিও গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র : গালফ নিউজ
এনটি