হজযাত্রীদের জন্য ‘ওয়েলকাম আইডেন্টিটি’ চালু করল সৌদি আরব

হজ মৌসুমে আগত লাখো হাজির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নতুন ‘ওয়েলকাম আইডেন্টিটি’ চালু করেছে সৌদি আরব। দেশটির গণমাধ্যম মন্ত্রণালয়ের ইউনিফায়েড মিডিয়া অপারেশনস সেন্টার ফর হজ এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।
সৌদি আরবের গণমাধ্যম মন্ত্রণালয়ের ইউনিফায়েড মিডিয়া অপারেশনস সেন্টার ফর হজ জানিয়েছে, হজযাত্রীদের জন্য একটি একীভূত স্বাগত পরিচিতি বা ওয়েলকাম আইডেন্টিটি উন্মোচন করা হয়েছে। এই উদ্যোগ পিলগ্রিম সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
এতে অংশীদার হিসেবে রয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং সৌদি ট্যুরিজম অথরিটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগের লক্ষ্য হলো হজ ও ওমরাহ উপলক্ষে আগত মুসল্লিদের জন্য সেবার মান উন্নত করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটি সুসংহত অভিজ্ঞতা নিশ্চিত করা।
নতুন এই ওয়েলকাম আইডেন্টিটির মাধ্যমে সৌদি আরবে প্রবেশের মুহূর্ত থেকেই হাজিদের উদ্দেশে প্রচারিত সব গণমাধ্যম বার্তা ও সচেতনতামূলক তথ্য একই ভিজ্যুয়াল ও যোগাযোগ কাঠামোর আওতায় আনা হবে। ফলে বিমানবন্দর, সীমান্ত পয়েন্ট, বিভিন্ন স্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গণমাধ্যম কনটেন্টে অভিন্ন বার্তা ও নকশা দেখা যাবে।
ইউনিফায়েড মিডিয়া অপারেশনস সেন্টারের ভাষ্য অনুযায়ী, এই আইডেন্টিটি হজ মৌসুমে যুক্ত সব সরকারি সংস্থার জন্য অনুমোদিত রেফারেন্স হিসেবে কাজ করবে। এর মাধ্যমে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় অন্তর্নিহিত ইসলামী ও মানবিক মূল্যবোধ আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই উদ্যোগ মূলত প্রতি বছর হজ ও ওমরাহ পালনে আসা লাখো মুসল্লির কাছে সৌদি আরবের একটি ঐক্যবদ্ধ, অতিথিপরায়ণ ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রয়াস। বিশেষ করে মসজিদুল হারাম ও মসজিদে নববী জিয়ারতে আগত মুসল্লিদের অভিজ্ঞতাকে আরও সহজ, মর্যাদাপূর্ণ ও স্মরণীয় করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনটি