আজ রমজানের চাঁদ দেখবে সৌদি আরব

পবিত্র রমজান মাস শুরুর লক্ষ্যে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রমজানের নতুন চাঁদ দেখবে সৌদি আরব। আজ সূর্যাস্তের পর দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে চাঁদ দেখার চেষ্টা করা হবে। আজ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পালিত হবে পবিত্র রমজানের প্রথম দিন। সেক্ষেত্রে বুধবার ভোর থেকেই রোজা শুরু করবেন মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে।
এদিকে সাধারণ নাগরিকদেরও আজ সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। রোববার এ আহ্বান জানানো হয়।
রয়্যাল কোর্ট বলেছে, মঙ্গলবার হবে শাবান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর পূর্ব গগনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।
সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রয়্যাল কোর্ট বলেছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান তাহলে তা যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন।
যাদের চাঁদ দেখার প্রতি আগ্রহ আছে তাদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে রয়্যাল কমিটি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিমদের স্বার্থে এতে আগ্রহীদের সামিল হওয়ার জন্য বলা হয়েছে।
এনটি